ঢাকা, রবিবার   ০৩ মে ২০২৬

নোয়াখালী জেলা ছাত্রদলের নতুন নেতৃত্বে রাসেল-রাহান

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:০৩, ৩ মে ২০২৬ | আপডেট: ১৪:১১, ৩ মে ২০২৬

Ekushey Television Ltd.

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নোয়াখালী জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ৩৭ সদস্যবিশিষ্ট এ কমিটিতে সভাপতি হিসেবে এনবিএস রাসেল এবং সাধারণ সম্পাদক হিসেবে জিয়াউর রহমান রাহানকে দায়িত্ব দেয়া হয়েছে।

শনিবার (২ মে) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন করা হয়।

ঘোষিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে সভাপতি পদপ্রত্যাশী ছাত্রনেতা আনোয়ার হোসেন রকিকে। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন নাজিম উদ্দিন রনি এবং সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন আকবর হোসেন। এছাড়া কমিটিতে ১৪ জন সহ-সভাপতি, ১৩ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ২ জন সহ-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে নেতাদের দায়িত্ব দেয়া হয়েছে।

কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনায় আগামী ৩০ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে নবনির্বাচিত নেতাদের।

নতুন কমিটি ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন বার্তায় সরগরম হয়ে ওঠে জেলা ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রোফাইল। দীর্ঘদিন পর কমিটি পেয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যেও দেখা গেছে উচ্ছ্বাস। 

তৃণমূল নেতাকর্মীরা আশা করছেন, নতুন নেতৃত্ব নোয়াখালী জেলা ছাত্রদলকে আরও সুসংগঠিত করবে এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা রাখবে।

নবনির্বাচিত সভাপতি এনবিএস রাসেল জানান, আমি অতীতের মতোই শিক্ষার্থীবান্ধব রাজনীতি অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। কেন্দ্রীয় নেতাদের দেয়া আস্থার মর্যাদা রক্ষায় আমরা আন্তরিকভাবে কাজ করবো এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবো।

সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান জানান, শহিদ জিয়ার আদর্শকে ধারণ করে আমরা সংগঠনকে এগিয়ে নিতে চাই। ত্যাগী ও যোগ্য নেতাদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে প্রতিটি ইউনিটকে সুসংগঠিত ও কার্যকর করে তোলার অঙ্গীকার ব্যক্ত করছি। আমরা সকলের সহযোগিতা কামনা করছি।

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির কমিটির বিষয়টি নিশ্চিত করেন। তারা জানান, দীর্ঘদিন পর নোয়াখালী জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠনের মাধ্যমে সংগঠনের কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে। নবগঠিত এই কমিটি অতীতের ন্যায় দলের আদর্শ ধারণ করে সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। 

পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সংগঠনকে গতিশীল করার আহ্বান জানান তারা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি